বউ সেজে বসে আছে — অংশ ১ | শুরু যেখানে শেষের ছায়া - বাংলা গল্প (Bangla Story)
বাংলা গল্প • 13 min read • 2026-03-15

বইয়ের নাম
বউ সেজে বসে আছে
লেখন
আহছান জান্নাত
ভূমিকা
এই উপন্যাসটি কোনো বড় প্রেমের ঘোষণা নয়।
এটি একটি চুপ করে থাকা ভালোবাসার ইতিহাস।
যে ভালোবাসা
কথা বলার সাহস পায়নি,
কিন্তু অনুভব করা বন্ধ করেনি।
সুপেন আর কোমলের গল্প
দু’জন মানুষের গল্প নয়—
এটি সেই সব মানুষের গল্প
যারা সমাজ, দায়িত্ব আর ভয়ের ভেতরে
নিজেদের ভালোবাসাকে চাপা দিয়েছে।
এই বই পড়তে পড়তে
যদি কোনো এক জায়গায়
আপনার বুক ভারী হয়ে আসে,
চোখ ভিজে যায়—
তাহলেই এই গল্প সার্থক।
লেখকের কথা
আমি এই গল্প লিখেছি
কিছু না–বলা কথাকে বাঁচিয়ে রাখার জন্য।
সব প্রেম পাওয়ার জন্য হয় না।
কিছু প্রেম
মনের গভীরে থেকে যাওয়ার জন্যই জন্মায়।
এই উপন্যাসের চরিত্রগুলো
হয়তো কল্পনার,
কিন্তু তাদের অনুভূতি
খুব বাস্তব।
যদি এই গল্প পড়ে
আপনি নিজের জীবনের
কোনো না–পাওয়া মানুষকে
এক মুহূর্তের জন্য মনে করেন—
তাহলেই আমার লেখা সফল।
অধ্যায় ১
যেদিন চোখের সামনে সব থেমে গেল
বাড়ি ফিরে দেখি সে বউ সেজে বসে আছে।
এই দৃশ্যটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না।
উঠোনে পা দিয়েই প্রথমে বুঝতে পারিনি কী হচ্ছে। চারদিকে মানুষের ভিড়, হাসাহাসি, কথা বলার শব্দ, রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধ—সব মিলিয়ে যেন কোনো উৎসবের আবহ।
কিন্তু চোখ যখন ধীরে ধীরে উঠোনের মাঝখানে গিয়ে আটকে গেল, তখন মনে হলো বুকের ভেতর কেউ শক্ত করে চেপে ধরেছে।
লাল শাড়ি।
কপালে টকটকে সিঁদুর।
হাতে শাঁখা-পলা।
মাথায় ঘোমটা টানা।
সে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ঠিক তার পাশেই বসে আছে এক অপরিচিত পুরুষ—পরিপাটি পোশাক, নতুন জুতো, মুখে আত্মবিশ্বাসী হাসি। লোকজন তাকে ঘিরে কথা বলছে, কেউ তার পিঠ চাপড়াচ্ছে।
আমি দাঁড়িয়ে রইলাম উঠোনের এক কোণে।
কেউ আমাকে দেখল না।
আমার উপস্থিতি যেন কারো চোখেই পড়ল না।
গলায় আওয়াজ বেরোচ্ছিল না।
চোখ ভিজছিল না।
শুধু মনে হচ্ছিল—আমি যেন নিজের শরীরের বাইরে দাঁড়িয়ে সব দেখছি।
এই দৃশ্যটা হঠাৎ করে আসেনি।
এই মুহূর্তে পৌঁছাতে আমাকে অনেকটা পথ হাটিয়েছে।
অনেক কথা না বলে গিলে ফেলতে হয়েছে।
অনেক অনুভূতি চেপে রাখতে হয়েছে।
এই গল্পটা শুরু হয়েছিল অনেক আগে।
অধ্যায় ২
গ্রাম, নদী আর আমার জীবন
আমার নাম সুপেন।
আমি সুন্দরবনের গা ঘেঁষা এক ছোট গ্রামে জন্মেছি। আমাদের গ্রামটা খুব বড় নয়, কিন্তু প্রকৃতির অভাব নেই। চারদিকে নদী, খাল আর ধানক্ষেত। বর্ষার সময় নদীর জল উপচে পড়ে, আর শীতকালে ভোরের কুয়াশায় পুরো গ্রামটা ঢেকে যায়।
আমাদের জীবন চলে চাষ আর মাছ ধরে।
বাবা ছিলেন নদীর মানুষ। ছোটবেলা থেকেই তাকে নৌকা নিয়ে নদীতে যেতে দেখেছি। ভোরবেলায় জাল কাঁধে নিয়ে বেরিয়ে যেতেন, দুপুরে রোদ মাথায় করে মাছ নিয়ে ফিরতেন।
আমি স্কুল পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুল শেষ হওয়ার পর মনে হয়েছিল—এবার কলেজে যাবো। শহরে পড়াশোনা করবো, নিজের মতো করে জীবন গড়বো। সেই স্বপ্ন নিয়ে একবার কলকাতা গিয়েছিলাম ভর্তি হতে।
কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এক জায়গায় দাঁড়ায়নি।
মেধা তালিকায় নাম উঠলো না।
আর আমাদের ঘরে অত টাকা ছিল না যে অন্য কোনো উপায় খুঁজবো।
হতাশ হয়ে ফিরে এলাম গ্রামে।
ফিরে এসে আবার আগের জীবন। ভোরে নদী, দুপুরে মাছ, বিকেলে হাট। জমিদারের জমিতে ধান, গম, সরিষার চাষ। কিন্তু সেই বছর ফসল ভালো হয়নি। জমিদার টাকা কমাতে রাজি হলেন না।
বাবার চিন্তা বাড়তে লাগল।
আমি বুঝতে পারছিলাম—আমাদের সামনে কঠিন সময় আসছে।
অধ্যায় ৩
বাবুর বাড়িতে যাওয়া
একদিন বিকেলে বাবা বললেন,
“চল, বাবুর বাড়ি যাই। যা আছে দিয়ে আসি, বাকিটার জন্য একটু সময় চাইবো।”
বাবু ছিলেন আমাদের এলাকার বড় জমিদার। তার বাড়ি ছিল বিশাল। বড় উঠোন, চারপাশে আমগাছ, গুদামঘর, আর সারাক্ষণ লোকজনের আনাগোনা। সেখানে ঢুকলেই নিজের অস্তিত্ব খুব ছোট মনে হতো।
আমি আর বাবা বাবুর সামনে দাঁড়ালাম। বাবা মাথা নিচু করে কথা বলছিলেন। বাবু ধীর গলায় শুনছিলেন, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ করছিলেন না।
ঠিক তখনই
আমি তাকে দেখলাম।
সে উঠোনের এক পাশে দাঁড়িয়ে ছিল। মাথার দু’পাশে বেণী করা চুল, কপালে ছোট কালো টিপ। সাধারণ শাড়ি পরা, কিন্তু তার মুখে এমন একটা কোমল ভাব ছিল, যেটা চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।
সে আমার দিকে তাকায়নি।
আমি তাকিয়েছিলাম।
কেন তাকিয়েছিলাম, জানি না।
শুধু মনে হয়েছিল—এই মুখটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু দেখার পর বুকের ভেতরে অদ্ভুত একটা নড়াচড়া শুরু হয়েছে।
বাড়ি ফেরার পথে আমি বাবাকে জিজ্ঞেস করলাম,
“ও কে?”
বাবা বললেন,
“বাবুর ছোট মেয়ে। নাম কোমল।”
আরও একটা মেয়ে আছে তার নাম “কানন” সে বড়, তার বিয়ে হইয়েছে বিলেতে একবর ছেলের সাথে তাই সে খুব একটা দেশে আসে না।
নামটা ভারি মিষ্টি, খুব মায়া জড়ানো নাম।
সেই নামটা তখনো জানতাম না—একদিন এই নামটাই আমাকে পাথর করে দেবে।
অধ্যায় ৪
বাবুর শর্ত
বাবুর বাড়ি থেকে ফেরার পর কয়েকদিন আমাদের ঘরে অদ্ভুত এক নীরবতা নেমে এলো।
বাবা খুব একটা কথা বলতেন না। আগেও খুব বেশি কথা বলতেন এমন না, কিন্তু এই নীরবতাটা ছিল আলাদা। যেন তার ভেতরে অনেক হিসাব চলছে, কিন্তু কোনো হিসাবেরই ফল মিলছে না।
আমি বুঝতে পারছিলাম—বাবার মাথায় শুধু একটাই চিন্তা, জমিদারের ঋণের টাকা।
ফসল ভালো হয়নি, মাছও আগের মতো উঠছে না। দেনা জমে উঠছে পাহাড়ের মতো।
দুই দিন পর সকালে বাবু লোক পাঠালেন।
বললেন—“সুপেন আর তার বাবা যেন বিকেলে আবার আসে।” দেখা করে তার সাথে, তার কথা শুনবে না এমন স্বার্থ এই মুল্লুকে কারো নেই।
বিকেলের দিকে আমরা আবার বাবুর বাড়ি গেলাম।
সেই একই উঠোন, সেই একই পরিবেশ।
কিন্তু আমার চোখ আজ অজান্তেই খুঁজছিল অন্য কিছু। কিন্তু সেটা ছিল শুধু উত্তেজনার আভাষ মাত্র।
সে আজও ছিল।
কিন্তু আজ উঠোনের এক পাশে না, একটু দূরে, আমগাছটার নিচে দাঁড়িয়ে ছিল।
হাতে একটা বই। পড়ছিল কি না জানি না, কারণ চোখ ছিল পাতায়, কিন্তু মন যে পাতায় নেই—সেটা দূর থেকেই বোঝা যাচ্ছিল।
বাবু আমাদের বসতে বললেন। (কারণ মানুষ হিসাবে সে অনেক ভালো এবং গ্রামের গরিবদের ওপর কোন অত্যাচার করেন না, বরং সবার সুবিধার কথা চিন্তা করেন।
ধীরে ধীরে কথা শুরু করলেন।
বললেন,
“দেখো, আমি টাকা পুরো মকুব করতে পারবো না। তবে আপাতত সময় দিতে পারি।”
বাবার চোখে তখন একটা আশার আলো দেখা দিল।
আমি সেটা স্পষ্ট বুঝতে পারলাম।
বাবু আবার বললেন,
“তবে একটা শর্ত আছে —প্রতিদিন যে মাছ ধরবে তার থেকে বড় মাছ খানা আমার বাড়িতে আসবে। আর এই মাস থেকেই জমিটা আবার চাষ করতে পারবে। কিন্তু জমি চাষের অর্ধেক আমাকে দিতে হবে।”
বাবা মাথা নিচু করে রাজি হলেন।
আমার বুকের ভেতর তখন হালকা একটা স্বস্তি নামলো কারণ কোন কিছুর একটা উপায় তো হল।
ঠিক তখনই বাবু আমার দিকে তাকালেন।
“তোর বাবা আমাকে বলেছিল তুই স্কুল যাস- তার পর শুনলাম তুই স্কুল পাস করেছিস, তাই না?”
আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম,
“জি বাবু।”
কারণ ওই সময় গরিব ঘরের কেও স্কুল পাস তো অনেক দুরের কথা হাতে খড়িও দেইনা।
“আমার অনেক হিসেবের কাজ জমে আছে। গুদামের, আড়তের। তুই যদি চাস, কাল থেকে আসতে পারিস। আমি যত দূর জানি তুই ছেলে হিসাবে ভালো তাই তোর জন্য আমি এই বাবস্থা করে দিতে পারি।”
এই কথাটা শুনে আমার মাথার ভেতর যেন অনেক দরজা একসাথে খুলে গেল।
একটা কাজ।
মাসিক বেতন।
আর সবচেয়ে বড় কথা—এই বাড়িতে নিয়মিত আসার একটা কারণ।
আমি বাবার দিকে তাকালাম।
বাবা কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন।
আমি বললাম,
“জি বাবু, আমি আসবো।”
তাহলে তোর মাসকাবারি বেতন হবে ১৫ টাকা আর সাথে একবেলার খাবার,
মনে মনে ভাবলাম সেতো বিরাট ব্যাপার ।
অধ্যায় ৫
নতুন জীবনের শুরু
পরদিন ভোরবেলায় ঘুম ভাঙলো অনেক আগে।
ঘরের বাইরে তখনো আলো ফোটেনি।
আমি উঠে অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম। মনে হচ্ছিল—আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
মাথায় সরিষার তেল মাখলাম।
পুরনো কিন্তু পরিষ্কার জামা পরলাম।
বাবা কিছু বললেন না, শুধু যাওয়ার সময় বললেন,
“মন দিয়ে কাজ করিস।”
বাবুর বাড়িতে পৌঁছে আমাকে প্রথমে গুদামঘরে নিয়ে যাওয়া হলো।
ধানের বস্তা, গমের বস্তা, সরিষার বস্তা—সব গুনে গুনে খাতায় লিখতে হবে।
আমি কাজে মন দিলাম।
সংখ্যা লিখছি, হিসেব মিলাচ্ছি।
কিন্তু মাঝেমাঝে অজান্তেই কান খাড়া হয়ে যাচ্ছিল।
কেউ উঠোন দিয়ে হেঁটে যাচ্ছে।
পায়ের শব্দ খুব হালকা।
আমি মাথা তুলে তাকালাম।
সে।
আজ চুল খোলা।
পিঠ বেয়ে নেমে এসেছে।
এক হাতে জল ভরা কলসি, আরেক হাতে শাড়ির আঁচল সামলাচ্ছে।
সে একবার আমার দিকে তাকাল।
খুব অল্প সময়ের জন্য।
তারপর চোখ নামিয়ে নিল।
আমার বুকের ভেতর কেমন একটা কেঁপে উঠলো।
আমি আবার খাতার দিকে তাকালাম,
কিন্তু সংখ্যাগুলো আর ঠিকঠাক পড়তে পারছিলাম না।
এক দেখায় আমার সাথে এমন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না।
অধ্যায় ৬
প্রথম কথা
দুপুরের রোদ তখন উঠোনটাকে নিস্তেজ করে রেখেছে। গুদামের কাজ শেষ করে আমি উঠোনের এক কোণে বসে ছিলাম। শরীরটা ক্লান্ত, মাথার ভেতর হালকা ঝিমুনি, কিন্তু মনটা কোথাও স্থির হচ্ছিল না। চারপাশে লোকজনের আসা–যাওয়া কমে এসেছে, রান্নাঘর থেকে ভাত আর তরকারির গন্ধ ভেসে আসছে, আর উঠোনের মাঝখানে রোদের আলোটা ধীরে ধীরে সরে যাচ্ছে ছায়ার দিকে।
ঠিক তখনই পাশ থেকে একটা নরম, খুব পরিচিত অথচ নতুন লাগা গলা শুনতে পেলাম।
সে বলল,
দাদা, জল খাবে?
হঠাৎ করে শব্দটা কানে আসতেই আমি চমকে উঠলাম। যেন অনেক দূরে থাকা মনটা হঠাৎ টেনে আনা হলো। মাথা তুলে তাকাতেই তাকে দেখতে পেলাম। সে আমার সামনে দাঁড়িয়ে আছে—হালকা রঙের শাড়ি, চোখ নামানো, হাতে একটা পিতলের গ্লাস। রোদের আলোয় সেই গ্লাসটা চকচক করছিল, আর তার আঙুলগুলো খুব স্বাভাবিকভাবেই সেটাকে ধরে রেখেছে।
আমি কয়েক মুহূর্ত চুপ করে ছিলাম। গলাটা একটু শুকনো লাগছিল। তারপর খুব সাধারণ ভঙ্গিতে বললাম,
হ্যাঁ।
গ্লাসটা নিতে গিয়ে আমাদের আঙুল ছুঁয়ে গেল। ছোঁয়াটা খুবই সামান্য—এমন ছোঁয়া প্রতিদিন কত মানুষের সাথেই তো হয়। কিন্তু এই ছোঁয়াটা আলাদা ছিল। যেন সেই এক মুহূর্তে আমার বুকের ভেতরে কেউ হালকা করে টোকা দিল। শরীরটা এক সেকেন্ডের জন্য শক্ত হয়ে গেল, নিঃশ্বাসটা আটকে এলো, তারপর আবার স্বাভাবিক হলো।
সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। কোনো কথা বলল না। চোখও তুলল না। খুব স্বাভাবিকভাবে ঘুরে চলে গেল, যেন কিছুই হয়নি।
আমি বসে রইলাম।
গ্লাসটা হাতে নিয়েই বুঝতে পারলাম, জলটা ঠান্ডা। ধীরে ধীরে খেতে লাগলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো—জল যত ঠান্ডাই হোক, বুকের ভেতরটা ক্রমেই গরম হয়ে উঠছিল। মনে হচ্ছিল, সেই সামান্য ছোঁয়াটুকু এখনও আঙুলে লেগে আছে, সেখান থেকে ধীরে ধীরে শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছে।
এক গ্লাস জল শেষ করতে আমার অস্বাভাবিক রকম সময় লেগেছিল। জল শেষ হলেও আমি গ্লাসটা নামাতে পারছিলাম না। শুধু বসে বসে উঠোনের দিকে তাকিয়ে ছিলাম, যেখানে সে একটু আগে দাঁড়িয়ে ছিল।
সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আমি অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম। বাবাও কিছু জিজ্ঞেস করেননি। আমি নিজের ভেতরেই বুঝতে চেষ্টা করছিলাম—আজকের দিনটা কেন আলাদা লাগছে। কেন একটা সাধারণ কথা, একটা সাধারণ ছোঁয়া আমাকে এভাবে নাড়িয়ে দিল।
সেদিন প্রথমবার স্পষ্ট করে বুঝলাম, এই বাড়িতে আমার থাকা আর শুধু কাজের জন্য না। এই বাড়ি, এই উঠোন, আর সেখানে থাকা মানুষগুলো ধীরে ধীরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।
আর এই জড়িয়ে যাওয়ার নামটা তখনও আমি জানতাম না।
অধ্যায় ৭
যেদিন সব শব্দ থেমে গেল
সকালটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই।
বাবুর বাড়ির গুদামঘরে বসে আমি হিসেব লিখছিলাম। খাতার পাতায় সংখ্যার পর সংখ্যা—ধানের বস্তা, সরিষার বস্তা, কতটা বেরিয়েছে, কতটা ঢুকেছে। বাইরে উঠোনে লোকজনের হাঁটার শব্দ, পাখির ডাক, দূরে কোথাও গরুর গাড়ির শব্দ—সব মিলিয়ে একটা স্বাভাবিক সকাল।
হঠাৎ সেই স্বাভাবিকতাটা ভেঙে গেল।
হরিধার কাকা দৌড়ে উঠোনে ঢুকলেন। লোকটা হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে। তার চোখে আমি এমন একটা দৃষ্টি দেখলাম, যেটা আগে কোনোদিন দেখিনি। যেন সে নিজেই জানে না কীভাবে কথাটা বলবে।
“সুপেন…”
সে আমার নামটা ডাকল, কিন্তু গলাটা কেঁপে উঠল।
আমি খাতা বন্ধ করে বাইরে এলাম।
“কি হয়েছে কাকা?”
হরিধার কাকা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর খুব নিচু গলায় বলল,
“তোর বাবা… আর নেই রে।”
কথাটা কানে ঢুকলো, কিন্তু মাথায় ঢুকলো না।
আমি অবচেতনে আবার জিজ্ঞেস করলাম,
“কি বলছো কাকা?”
সে চোখ নামিয়ে নিল। আর কিছু বলল না।
মুহূর্তের মধ্যে মনে হলো—চারদিকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। পাখির ডাক বন্ধ, মানুষের কথা বন্ধ, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দও যেন আর পাচ্ছি না।
আমি আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করলাম।
পথটা কতটা লম্বা, মনে নেই।
শুধু মনে আছে—পায়ের নিচের মাটিটা যেন নরম হয়ে গেছে, বারবার হোঁচট খাচ্ছিলাম।
বাড়ি পৌঁছে উঠোনে ঢুকতেই বাবাকে দেখলাম।
মাটির ওপর শুইয়ে রাখা।
শরীরের একাংশ কাপড়ে ঢাকা।
আমি ধীরে ধীরে কাছে গেলাম।
মুখটা দেখেই বুঝে গেলাম—এই মানুষটা আর কোনোদিন চোখ খুলবে না।
বাঘে ধরেছে।
নদীতে মাছ ধরতে গিয়ে।
“তাকে আমরা বলেছিলাম কয়েক দিন নদীতে না যেতে, উপকূল এলাকায় বাঘের দেখা দিয়েছে। কিন্তু তোর বাবা বলেছিল—আমি কি মারা গেছি- যে আমার ছেলের টাকায় সংসার চালাতে হবে? যতদিন এই শরীরে ক্ষমতা আছে, আমার সংসার আমিই চালাবো।”
আমি বসে পড়লাম বাবার পাশে।
হাতটা ধরলাম।
ঠান্ডা।
সেই ঠান্ডা হাতটা ধরেই বুঝে গেলাম—
আজ আমি সত্যিই একা হয়ে গেলাম।
মাকে হারিয়েছি কবে আমার এখন আর মনে পরে না, কারণ মাকে আমি ঠিক ভাবে দেখিও নি। আমাদের অতো সামর্থ্য ছিল না যে তার একখানা ছবি করে রাখবো তাই তার মুখ খানা ভুলে গেছি।
অধ্যায় ৮
শেষ কাজ, শেষ মানুষ
বাবার দাহকাজের দিনটাতে গ্রামের প্রায় সবাই এসেছিল। কেউ জল এনে দিল, কেউ কাঠ কাঁধে তুলল, কেউ সান্ত্বনা দিল। মুখে মুখে একটাই কথা—
“ভগবানের ইচ্ছা।”
আমি মাথা নাড়ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যাচ্ছিলাম।
শ্মশানে আগুন ধরাতে গিয়ে হাত কাঁপছিল। কাঠ ঠিকমতো ধরছিল না। আগুন জ্বলে উঠতে দেরি হচ্ছিল। লোকজন ফিসফিস করে কথা বলছিল।
যখন আগুন ঠিকভাবে জ্বলে উঠল, আমি বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল—এই বুঝি তিনি উঠে বসবেন, বলবেন, “কি করছিস রে?”
কিন্তু কিছুই হলো না।
শেষ কাজ শেষ করে যখন বাড়ি ফিরলাম, তখন ঘরটা অদ্ভুতভাবে বড় মনে হচ্ছিল।
একটা চৌকি, বাবার জাল, দেয়ালে ঝোলানো পুরোনো লণ্ঠন—সবই আছে, শুধু মানুষটা নেই।
সেই রাতে আমি বাবার ঘরের সামনে বসে ছিলাম।
ঘুম আসেনি।
কান পেতে ছিলাম—এই বুঝি বাবা ডাকবেন।
কিন্তু সারারাত শুধু নীরবতা ছিল।
আমি বুঝলাম—
মানুষ একা হয়ে গেলে শুধু সঙ্গ হারায় না,
সে শব্দও হারায়।
অধ্যায় ৯
আশ্রয়
পরদিন বিকেলের দিকে বাবু এলেন। তার সঙ্গে দু’একজন লোক ছিল। উঠোনে ঢুকেই তিনি কিছুক্ষণ চারদিক দেখে নিলেন—যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করছেন। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তার চোখে কোনো কড়াকড়ি ছিল না, আবার অতিরিক্ত মায়াও না। খুব স্বাভাবিক গলায় তিনি বললেন,
“সুপেন, তুই একা থাকিস না। আমার বাড়িতে চলে আয়।”
কথাটার ভেতরে কোনো আদেশ ছিল না, আবার অনুরোধও না। কিন্তু সেই মুহূর্তে আমার কিছু বলার শক্তি ছিল না। আমি শুধু মাথা নাড়লাম। মনে হলো, কথা বললে হয়তো গলা বেঁধে আসবে।
সেদিনই বাবুর বাড়ির পশ্চিম দিকের একটা ছোট কামরায় আমার থাকার ব্যবস্থা হলো। কামরাটা খুব বড় না, কিন্তু পরিপাটি। সেখানে আমার জিনিসপত্র রেখে দেওয়া হলো—একটা বালিশ, একটা কাঁথা, আর বাবার ব্যবহৃত পিতলের গ্লাসটা। গ্লাসটা হাতে নিয়ে আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিলাম। বাবার হাতের ছোঁয়া যেন তখনও লেগে আছে ওটার গায়ে।
জানালা দিয়ে বিকেলের আলো ঢুকছিল। আলোটা ধীরে ধীরে মেঝেতে পড়ে ছায়ার সঙ্গে মিশে যাচ্ছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত ছিল, কিন্তু মনটা তার চেয়েও বেশি ভারী। চোখ বন্ধ করলেই বাবার মুখ ভেসে উঠছিল, আর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল—এই ঘরটা আমার, কিন্তু পুরোপুরি আমার না।
ঠিক তখনই দরজায় আলতো করে টোকা পড়ল।
“দাদা… উঠেছ?”
আমি চোখ খুলে উঠে বসলাম।
দরজায় কোমল দাঁড়িয়ে আছে। হাতে একটা খাবারের থালা। চোখে এমন একটা মায়া, যেটা দেখে বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে খুব নিচু গলায় বলল,
“সকাল থেকে কিছু খাওনি।”
আমি কিছু বললাম না। শুধু থালাটা বাড়িয়ে নিলাম। আমাদের চোখ একবারের জন্য মিলেছিল, তারপর সে চোখ নামিয়ে নিল। আর কোনো কথা না বলে চুপচাপ ঘুরে চলে গেল।
আমি বিছানায় বসে খাবারের দিকে তাকিয়ে রইলাম। খিদে ছিল না। শরীর খাবার চাইছিল না, কিন্তু মনে হচ্ছিল—এই খাবারটা না খেলে কিছু একটা ভেঙে যাবে। ধীরে ধীরে খেতে শুরু করলাম। প্রতিটা লোকমা গিলতে গিয়ে বুঝতে পারছিলাম, এই বাড়িতে অন্তত একজন মানুষ আছে, যে খেয়াল রাখছে আমি খেয়েছি কিনা।
সেদিন প্রথমবার মনে হলো—হয়তো আমি পুরোপুরি একা নই।
কিন্তু সেই ভাবনার সাথেসাথেই আরেকটা অনুভূতি এসে বুকের ভেতরে চেপে বসল। এই আশ্রয়টা বিনা দামে নয়। এই ঘর, এই যত্ন, এই নীরব মায়া—সবকিছুরই একটা হিসেব আছে। আর একদিন এই হিসেব আমাকে খুব চড়া সুদে দিতে হবে—এটা আমি অজান্তেই বুঝে গিয়েছিলাম।
অধ্যায় ১০
দায়িত্বের নামে বাঁধন
বাবুর বাড়িতে থাকার দিনগুলো শুরু হলো এক অদ্ভুত নিয়মে। আমি সেখানে ছিলাম, কিন্তু পুরোপুরি নিজের মানুষ নই—এই বোধটা শুরু থেকেই বুকের ভেতরে আটকে রইল। কাজ করতাম, খেতাম, রাতে ঘুমোতাম, কিন্তু সবকিছুর মধ্যেই কোথাও যেন আমার নিজের পরিচয়টা ঝুলে থাকত মাঝখানে। আমি এই বাড়ির লোক, আবার এই বাড়ির কেউ নই—এই দ্বিধার ভেতর দিয়েই দিন কাটতে লাগল।
বাবু আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতেন না। বরং অনেক সময় এমনভাবে কথা বলতেন, যেন আমি তারই ছেলে। কাজের খোঁজ নিতেন, খেয়েছি কিনা জিজ্ঞেস করতেন, কখনো কখনো পরামর্শও দিতেন। কিন্তু সেই সব কথার ভেতরেও একটা অদৃশ্য সীমারেখা ছিল। এমন এক সীমা, যেটা আমি অনুভব করতাম, কিন্তু কখনো ছুঁয়ে দেখার সাহস পাইনি। আমি জানতাম—এই সীমারেখা পেরোনো যেমন আমার জন্য ঠিক না, তেমনি পেরোতে চাওয়াটাও বিপজ্জনক।
একদিন বিকেলের দিকে বাবু আমাকে ডাকলেন। আমি উঠোন পেরিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন,
“সুপেন, তুই তো স্কুল পর্যন্ত পড়েছিস, তাই না?”
আমি মাথা নাড়লাম।
“জি, বাবু।”
তিনি একটু থামলেন। সেই থামার ভেতরেই যেন একটা সিদ্ধান্ত লুকিয়ে ছিল। তারপর বললেন,
“কোমলকে পড়াতে পারবি? ও এখন আট ক্লাসে পড়ে। পড়াশোনায় ভালো, কিন্তু একটু আবেগী।”
কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে কিছু বলতে পারলাম না। বুকের ভেতরে হঠাৎ করে অদ্ভুত একটা টান অনুভব করলাম। কোমল—এই নামটা কানে আসতেই শরীরের ভেতরটা কেমন করে উঠল। এতদিন যে অনুভূতিগুলো আমি নিজে থেকেই চেপে রাখার চেষ্টা করছিলাম, সেগুলো যেন এক মুহূর্তের জন্য মাথা তুলে তাকাল।
বাবু আবার জিজ্ঞেস করলেন,
“পারবি তো?”
আমি চোখ নামিয়ে নিলাম। মাথার ভেতরে অনেক কথা ঘুরছিল, কিন্তু মুখ দিয়ে বেরোল না। শেষ পর্যন্ত খুব নিচু গলায় বললাম,
“জি বাবু, পারবো।”
সেই দিন থেকেই আমার অবস্থানটা বদলে গেল। আমি আর শুধু হিসেবের খাতা আর গুদামের লোক রইলাম না। আমি হয়ে গেলাম একজন দায়িত্ববান মানুষ—যার ওপর বিশ্বাস রাখা হয়েছে, যাকে ঘরের ভেতরের একটা অংশে ঢুকতে দেওয়া হয়েছে।
কিন্তু সেই দায়িত্বের সাথেই এসে জুড়ে গেল এক ধরনের বাঁধন। আমি বুঝতে পারছিলাম, এই দায়িত্ব আমাকে যেমন একটু উঁচু জায়গায় তুলেছে, তেমনি ধীরে ধীরে আমাকে বেঁধেও ফেলছে। এই বাঁধনটা তখনো খুব স্পষ্ট ছিল না, কিন্তু বুকের ভেতরে কোথাও একটা চাপ তৈরি হতে শুরু করেছিল—যেটা একদিন অনেক ভারী হয়ে উঠবে, সেটা আমি তখনই টের পেতে শুরু করেছিলাম।
আরও বাংলা গল্প পড়তে আমাদের বাংলা গল্প সংগ্রহ
বাংলা গল্প (Bangla Story): বাস্তব অভিজ্ঞতা, অনুভূতি ও জীবনের গল্প
বাংলা গল্প (Bangla Story) মানুষের বাস্তব জীবন, অনুভূতি এবং অভিজ্ঞতাকে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। একটি ভালো গল্প শুধু বিনোদন দেয় না, বরং মানুষের চিন্তা, উপলব্ধি এবং জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। এই গল্প বিভাগে প্রকাশিত লেখাগুলো বাস্তব অভিজ্ঞতা (Real Life Stories), ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং জীবনের বিভিন্ন মুহূর্ত থেকে অনুপ্রাণিত।
এই বিভাগে প্রকাশিত প্রতিটি গল্প লিখেছেন আহসান জান্নাত (Ahsan Jannat)। এখানে আপনি মানুষের বাস্তব অভিজ্ঞতা, জীবন থেকে শেখা শিক্ষা (Life Lessons), সম্পর্ক, সমাজ এবং আধুনিক জীবনের নানা দিক নিয়ে লেখা বাংলা গল্প পড়তে পারবেন।
বাংলা গল্প কী? (What is Bangla Story)
বাংলা গল্প হলো বাংলা ভাষায় লেখা একটি সাহিত্যিক রচনা যেখানে মানুষের জীবন, অনুভূতি, অভিজ্ঞতা এবং সামাজিক বাস্তবতা গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়। এটি মানুষের চিন্তা ও অনুভূতির গভীর প্রকাশ এবং বাস্তব জীবনের প্রতিফলন।
বাংলা গল্প কেন গুরুত্বপূর্ণ
বাংলা গল্প মানুষের চিন্তাকে প্রভাবিত করার একটি শক্তিশালী মাধ্যম। একটি ভালো গল্প পাঠককে ভাবতে শেখায়, নতুন প্রশ্ন তৈরি করে এবং জীবনের বাস্তবতা বোঝার সুযোগ দেয়।
বাংলা গল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। গল্পের মাধ্যমে মানুষের জীবন, সম্পর্ক, সমাজ এবং পরিবর্তনের প্রতিফলন দেখা যায়।
এই গল্প বিভাগে কী ধরনের গল্প পাবেন
এই পেজে বিভিন্ন ধরনের বাংলা গল্প (Bangla Story Collection) রয়েছে, যা বাস্তব অভিজ্ঞতা, ব্যক্তিগত উপলব্ধি এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে তৈরি।
১. বাস্তব অভিজ্ঞতার গল্প (Real Life Stories)
বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প, যা পাঠকের সঙ্গে গভীর আবেগ তৈরি করে এবং বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করে।
২. জীবনের শিক্ষা নিয়ে গল্প (Life Lessons Stories)
জীবনের ছোট ছোট অভিজ্ঞতা অনেক সময় বড় শিক্ষা দেয়। এই গল্পগুলো সেই অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলোকে তুলে ধরে।
৩. সমাজ ও সম্পর্ক নিয়ে গল্প (Social & Relationship Stories)
মানুষের আচরণ, সম্পর্ক এবং সমাজের পরিবর্তন গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বাস্তব জীবনের গল্প পড়ার উপকারিতা
বাস্তব অভিজ্ঞতার বাংলা গল্প পড়া মানুষের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করে এবং নতুনভাবে ভাবতে সাহায্য করে।
- জীবনের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি করে
- মানুষের অনুভূতি এবং আচরণ বোঝাতে সাহায্য করে
- চিন্তার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে
- মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করে
লেখক সম্পর্কে (About Author)
আমি আহসান জান্নাত (Ahsan Jannat)। আমি প্রযুক্তি, ডিজিটাল সংস্কৃতি এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করি। আমার লেখার একটি বড় অংশ জুড়ে রয়েছে মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং জীবনের গল্প।
এই গল্প বিভাগে প্রকাশিত প্রতিটি লেখা ব্যক্তিগত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং বাস্তব জীবনের উপলব্ধির উপর ভিত্তি করে তৈরি। আমার বিশ্বাস একটি ভালো গল্প মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে।
FAQ: বাংলা গল্প সম্পর্কে সাধারণ প্রশ্ন
বাংলা গল্প কী?
বাংলা ভাষায় লেখা এমন একটি গল্প যেখানে মানুষের জীবন, অনুভূতি এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
বাংলা ছোট গল্প কেন জনপ্রিয়?
বাংলা ছোট গল্প অল্প সময়ে পড়া যায় কিন্তু গভীর অর্থ এবং শক্তিশালী অনুভূতি প্রকাশ করতে পারে, তাই এটি পাঠকদের কাছে জনপ্রিয়।
বাস্তব জীবনের গল্প পড়া কেন গুরুত্বপূর্ণ?
বাস্তব অভিজ্ঞতার গল্প মানুষকে জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করে এবং নতুনভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করে।
এই গল্প বিভাগে কী ধরনের লেখা প্রকাশ করা হয়?
এই বিভাগে বাস্তব অভিজ্ঞতার গল্প, জীবনের শিক্ষা নিয়ে লেখা গল্প, সমাজ ও সম্পর্ক নিয়ে গল্প এবং চিন্তাশীল বাংলা গল্প প্রকাশ করা হয়।
এই গল্পগুলো কে লেখেন?
এই গল্প বিভাগে প্রকাশিত প্রতিটি গল্প লিখেছেন লেখক আহসান জান্নাত।


